পাবনায় নকল পণ্য তৈরির দুটি কারখানার সন্ধান
পাবনার বিসিক শিল্প এলাকায় রোববার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)-এর সহযোগিতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি নকল মোটর ফিল্টার তৈরি কারখানা ও একটি নকল গোখাদ্য তৈরি কারখানার সন্ধান পেয়েছেন। আদালত একটি কারখানা থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় ও আরেকটি সিলগালা করে দিয়েছেন।অভিযানে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির। তিনি জানান, বিসিক শিল্প এলাকার রাজা ফিল্টার কারখানা নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এনজিকে, টয়োটা, ইসুজু ও লুকাস কোম্পানির নাম ব্যবহার করে নকল ফিল্টার তৈরি করছিল। এগুলোতে জাপান, ইন্ডিয়া ও ইউএসএর সিল ব্যবহার করে বাজারজাত করা হতো। ভ্রাম্যমাণ আদালত কারখানাটিতে অভিযান চালিয়ে হাতেনাতে এসব পণ্যসহ কারখানার মালিক আফজাল হোসেনকে আটক করেন। পরে নকলের অভিযোগে আদালত কারখানা থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করে মালিককে ছেড়ে দেন। স্বর্ণা ফ্লাওয়ার মিল নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রচুর পরিমাণ ভেজাল গোখাদ্য উদ্ধার করা হয়। কারখানাটিতে মুরগির বিষ্ঠা, মাটি, ধানের তুষ ও সোয়াবিনের গাদ দিয়ে গোখাদ্য (খৈল) তৈরি করা হতো।