পাবনায় নকল মদ তৈরির কারখানার সন্ধান
পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মহল্লায় গতকাল শনিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নকল বিদেশি মদ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে।এ সময় মদ তৈরির সঙ্গে জড়িত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন যুবককে দেড় বছর করে সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। আদালতের বিচারক ও নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. শামসুজ্জামান এ রায় দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ছোট শালগাড়িয়া মহল্লার আজমল শেখ (২৬), জনি হোসেন ( ২৫) ও রনি হোসেন (২৫)।র্যাব-১২ পাবনা ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ওই মহল্লায় রবিউল আলমের পরিত্যক্ত বাড়িতে কিছু মাদক ব্যবসায়ী নকল বিদেশি মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন। গতকাল বেলা একটার দিকে অভিযান চালিয়ে ১৪ বোতল নকল বিদেশি মদ, ১৪টি মদের খালি বোতল, মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ওই তিন ব্যক্তিকে আটক করা হয়।