পাবনায় নকল স্যালাইন তৈরির কারখানার সন্ধান
পাবনার বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো অনেক নকল খাবার স্যালাইন তৈরির কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় কোনো রসায়নবিদ নেই, স্যালাইন তৈরির অনুমোদনও নেই। বাজার থেকে লবণ ও স্যাকারিন কিনে তা যেনতেনভাবে প্যাকেটে ঢুকিয়ে খাবার স্যালাইন হিসেবে বিক্রি করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত গত শনিবার পাবনা শহরে অভিযান চালিয়ে এমন দুটি কারখানার সন্ধান পেয়েছেন। আদালত এ দুটি কারখানাকে দুই লাখ টাকা করে জরিমানা করেছেন এবং দুজনকে আটক করেছেন। ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির। র্যাব ও বিএসটিআইয়ের সদস্যরা তাঁকে সহায়তা করেন। তিনি বলেন, পাবনা শহরের বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে স্যালাইন কারখানা। ভ্রাম্যমাণ আদালত গত চার মাসে নকল ও ভেজাল পণ্য তৈরি করে এমন চারটি কারখানার সন্ধান পেয়েছেন। গতকাল শহরের বিসিক শিল্পনগরে অভিযান চালিয়ে আরও দুটি কারখানার সন্ধান পাওয়া গেছে। ইমাম উদ্দিন কবির আরও জানান, এসব কারখানায় সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) খাবার স্যালাইন ও ইউনিভার্সালের টেস্টি স্যালাইনের মোড়ক ও নাম ব্যবহার করে খাবার স্যালাইন তৈরি ও বাজারজাত করা হচ্ছে। গত কয়েক মাসে হামজা ফুড প্রোডাক্ট, শান্ত এক্সিম, ইউনিকর্ন ও ইন্ট্রা ফুড নামের চারটি কারখানাকে জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের কোনোটাতেই স্যালাইন প্রস্তুতের সঠিক উপাদান ও যন্ত্রপাতি পাওয়া যায়নি। অধিকাংশ কোম্পানি ভুয়া কাগজপত্র তৈরি করে বিএসটিআই ও শুল্ক বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় এসব স্যালাইন বাজারজাত করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিক শিল্পনগরে স্থাপিত সেফ ফুড প্রডাক্ট ও নেকটার ফুড নামের ওই কারখানা দুটির লোকজন ইউনিভার্সালের টেস্টি স্যালাইনের মোড়ক নকল করে ভেজাল স্যালাইন বাজারজাত করছিল। অভিযানের সময় কারখানার লোকজন স্যালাইন তৈরির কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। আদালত কারখানা দুটির কর্তৃপক্ষের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন। আদালত রসায়নবিদ পরিচয় দেওয়ায় ইয়াসমত আলী ও নেকটার কোম্পানির ব্যবস্থাপক লোকমান হোসেনকে আটক করেছেন।বিএসটিআইয়ের সহকারী পরিচালক (রাজশাহী অঞ্চল) আলাউদ্দিন হুসাইন বলেন, বিএসটিআই যখন অনুমোদন দেয় তখন ভালো পণ্যেরই দেয়। কিন্তু পরে গোপনে এসব প্রতিষ্ঠান নকল ও ভুয়া স্যালাইন তৈরি করে।পাবনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ‘আমি পাবনায় নতুন এসেছি। এ বিষয়ে আমার কিছু জানা নেই।’