পাবনায় নছিমনের ধাক্কায় সাংবাদিক নিহত
পাবনা-নগরবাড়ী মহাসড়কে সাঁথিয়া উপজেলার বহালবাড়িয়া এলাকায় শনিবার সন্ধ্যায় নছিমনের ধাক্কায় আবুল কাশেম খান (৬৫) নামের একজন সাংবাদিক নিহত হয়েছেন। তিনি পাবনা থেকে প্রকাশিত আজকের ইতিহাস পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আবুল কাশেম সড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, নছিমনটি থানায় আনা হয়েছে। তবে চালককে খুঁজে পাওয়া যায়নি। গতকাল রোববার সকাল ১০টায় জানাজা শেষে মাহমুদপুর কবরস্থানে আবুল কাশেমের লাশ দাফন করা হয়েছে।আবুল কাশেম খানের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিদ নাগ ও পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া সাঁথিয়া প্রেসক্লাব কালো ব্যাচ ধারণ, শোকসভা, দোয়া মাহফিলসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।