পাবনায় নতুন ভূকাঠামোয় বাপেক্সের কূপ খনন শুরু
পাবনার মোবারকপুরে নতুন বৈশিষ্ট্যের একটি ভূকাঠামোয় অনুসন্ধান কূপ খনন শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। গতকাল শুক্রবার সকালে বাপেক্সের নতুন খননযন্ত্র (রিগ) বিজয়-১২ দিয়ে সেখানে খননকাজ শুরু হয়।
পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর এই খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল বাকী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দেশে এ ধরনের ভূকাঠামোয় (স্টেটিগ্রাফিক স্ট্রাকচার) কোনো কূপ খনন করা হয়নি।
পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পাগলা চণ্ডীপুর গ্রামে এই কূপটির অবস্থান। সেখানে ভূগর্ভের চার হাজার ২৫০ মিটার থেকে চার হাজার ৭০০ মিটারের মধ্যে গ্যাসের পাঁচটি স্তর চিহ্নিত করা আছে। তবে অনুসন্ধান কূপ খনন শেষ না হওয়া পর্যন্ত ক্ষেত্রটিতে তেল-গ্যাসের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে না।
নতুন ভূকাঠামো ও নতুন রিগ ছাড়াও এই কূপের আরেকটি বৈশিষ্ট্যপূর্ণ দিক হচ্ছে, দেশের উত্তরাঞ্চলে এই কূপের মাধ্যমে প্রাকৃতিক তেল-গ্যাস আবিষ্কারের প্রথম সুযোগ সৃষ্টি হচ্ছে। এই ভূকাঠামোয় গ্যাস পাওয়া গেলে তা হবে বেঙ্গল বেসিনে দ্বিতীয় কোনো গ্যাসক্ষেত্র, যা দেশে গ্যাস পাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেবে।
তাত্ত্বিক ভূতত্ত্ব অনুযায়ী, মোবারকপুরের মতো ভূকাঠামোয় তেল-গ্যাস পাওয়ার সম্ভাবনা কম। কিন্তু প্রকৃতি যে এই তত্ত্ব কখনো কখনো নাকচ করে দেয়, এর নজিরও আছে। ভারতের ওএনজিসি মোবারকপুর ক্ষেত্রটির ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ধরনের একটি কাঠামোয় তেল পেয়েছে। ইছাপুর নামক স্থানে আবিষ্কৃত ওই কাঠামোয় তারা দ্বিতীয় কূপও খনন করেছে।
দেশে এর আগে আবিষ্কৃত প্রায় সব গ্যাসক্ষেত্রের অবস্থানই সিলেট ও চট্টগ্রাম বিভাগে। এই ক্ষেত্রগুলো সুরমা বেসিনের অন্তর্ভুক্ত। এগুলোর ভূকাঠামোই অভিন্ন বৈশিষ্ট্যের, যার ভূতাত্ত্বিক নাম ‘অ্যান্টি ক্লেইন স্ট্রাকচার’। এর বাইরে বেঙ্গল বেসিনে আবিষ্কৃত একমাত্র গ্যাসক্ষেত্র হচ্ছে ভোলার শাহবাজপুর। অবশ্য বেঙ্গল বেসিন ও উত্তরাঞ্চলে তেল-গ্যাস আবিষ্কারের চেষ্টাও তেমন হয়নি। এর আগে ১৯৯৪ সালে বগুড়ার গাবতলী উপজেলায় একটি অনুসন্ধান কূপসহ তিনটি কূপ খনন করা হয়েছিল। এগুলোতে তেল-গ্যাস পাওয়া যায়নি। এর আগে ও পরে ওই অঞ্চলে একাধিকবার দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, মোবারকপুরের মতো কাঠামোয় তেল-গ্যাস অনুসন্ধান অপেক্ষাকৃত জটিল। সে জন্য সুরমা বেসিনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখন দেশের অন্যান্য কাঠামোয় অনুসন্ধান জোরদার করা হবে।
মোবারকপুর অঞ্চলে প্রথম দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালায় পেট্রোবাংলা, ১৯৮০-৮১ সালে। এরপর জার্মান প্রতিষ্ঠান প্রাকলা সাইসমো ১৯৮৩-৮৪ সালে সেখানে জরিপ করে। প্রতিটি জরিপেই সেখানে তেল-গ্যাস থাকার সম্ভাবনার কথা জানা যায়। এরপর ২০০৬-০৭ এবং ২০০৭-০৮ সালে বাপেক্স সেখানে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ করে। এতেও একই রকম সম্ভাবনার চিত্র উঠে আসে। এর ভিত্তিতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের
সময় ক্ষেত্রটিতে একটি অনুসন্ধান কূপ খননের প্রকল্প চূড়ান্ত হয়। এখন যেখানে কূপ খনন হচ্ছে, প্রাকলা সাইসমো ও বাপেক্স সেখানেই কূপ খননের স্থান নির্ধারণ করেছিল।
কূপ খননের সব কাজ সঠিকভাবে চললে এ বছরের মধ্যে জানা যেতে পারে, সেখানে তেল-গ্যাস পাওয়া যাবে কি না। পাওয়া গেলে মোবারকপুর হবে দেশের ২৭তম ক্ষেত্র।