পাবনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ পাবনা সদর উপজেলার ভাদুরডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মধ্যে চারজনের মৃতদেহ পাওয়া গেছে। যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তারা হলো শারমীন আক্তার (১৩), ময়না খাতুন (১৩), চম্পা খাতুন (১৩) ও দুলু খাতুন (১২)। এদিকে ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন বেশ কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীরা। তাঁদের দাবি, স্কুলের শিক্ষক ও পরিচালনা পরিষদের গাফিলতির কারণে মাসিক ১০০ টাকা উপবৃত্তির জন্য প্রতি তিন মাস পর পর পদ্মা পার হয়ে শিক্ষার্থীদের পাঁচ কিলোমিটার দূরের কোলচরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয়। এতে তাদের মৃত্যুর ঝুঁকি থাকে।ভাদুরডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান জানান, উপবৃত্তির টাকা প্রদান করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পাবনা শহরের আওরঙ্গজেব সড়ক শাখা। দুই বছর আগে ওই ব্যাংকের একজন কর্মকর্তা তাঁদের স্কুলে এসে শিক্ষার্থীদের হাতে টাকা তুলে দিতেন। কিন্তু হঠাৎ করে তাঁরা এই সিদ্ধান্ত পরিবর্তন করে একসঙ্গে তিনটি করে স্কুলের টাকা দিকে শুরু করেন। এ কারণে দুই বছর ধরে তাঁদের স্কুলের শিক্ষার্থীরা কোলচরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে টাকা সংগ্রহ করে। তিনি বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধে আমরা এ ক্ষেত্রে অসুবিধার বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা সিদ্ধান্ত পরিবর্তন করেনি।’ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আওরঙ্গজেব সড়ক শাখার ব্যবস্থাপক মীর্জা আবদুর রহিম বলেন, ‘২০১২ সালের ২৯ মার্চ প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের একটি সার্কুলারের ভিত্তিতেই আমরা এই পদ্ধতিতে টাকা প্রদান করি। তবে সুবিধাভোগী শিক্ষার্থীদের অভিভাবকদের এই টাকা গ্রহণ করার বিধান রয়েছে। সেখানে ওই স্কুল কর্তৃপক্ষ টাকা সংগ্রহে শিক্ষার্থীদের পাঠিয়ে ভুল করেছে।’ পাবনা সদর উপজেলার ভাদুরডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী গত সোমবার উপবৃত্তির টাকা আনতে নৌকায় করে পার্শ্ববর্তী কোলচরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। মাঝ নদীতে ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ছয় শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা গেলেও পাঁচজন নিখোঁজ হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন বলেন, ডুবুরিরা মাঝ নদী থেকে বিকেল চারটার দিকে তিন শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন। অন্য দুজনকে খুঁজতে অভিযান চলছে। তাদের না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।