পাবনায় পথচারীকে বাঁচাতে গিয়ে চাচা-ভাতিজা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বলরামপুর গ্রামের হাফেজ ওয়ালিদ (২২) ও প্রান্ত হোসেন (১৬)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।

নিহত প্রান্তের বড় ভাই পিয়াস হোসেন বলেন, সকালে সদর গোরস্থানে এক আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চাচা ওয়ালিদ ও ভাতিজা প্রান্ত। পথে সার্কিট হাউস সড়কে রাস্তা পার হতে যাওয়া এক নারীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন তাঁরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।