পাবনা জেলা বিএনপির বিবদমান দুটি পক্ষ একই স্থান থেকে একই সময়ে গণমিছিল কর্মসূচি ঘোষণা করায় জেলা শহরে পর পর দুই দিন ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ফলে গত রোববার ও গতকাল সোমবার কোনো পক্ষই সভা-সমাবেশ করতে পারেনি।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আবদুর রউফ বলেন, জেলা বিএনপির দুটি পক্ষ দলীয় কার্যালয় থেকে রোববার একই সময়ে গণমিছিল করার ঘোষণা দেয়। তাই শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। এদিন কোনো পক্ষই সভা-সমাবেশ করতে না পেরে পরদিনও গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয়। ফলে গতকাল পুনরায় ১৪৪ ধারা জারি করা হয়। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ধারা বলবত ছিল।পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, শহরে দিনভর অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ১৪৪ ধারা জারি থাকায় কোনো পক্ষই মিছিল-সমাবেশ করতে পারেনি।জেলা বিএনপির নতুন কমিটির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘বিএনপি নামধারী গণবিচ্ছিন্ন কিছু ব্যক্তির কারণে প্রশাসন আমাদের কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে দেয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাই।’দলের বিদ্রোহী অংশের নেতা ও সর্বশেষ বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক ফেরদৌস বলেন, নতুন কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে এবং কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী সব কর্মসূচিও পালিত হবে।কমিটি গঠন নিয়ে পাবনা জেলা বিএনপি ২০০৯ সালের জুনে দুই ভাগ হয়ে যায়। সর্বশেষ বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র কামরুল হাসানের নেতৃত্বে তৈরি হয় বিদ্রোহী অংশ। দলের দুই অংশ তিন বছর ধরে পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছে। কেন্দ্রীয় কমিটি ১৭২ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ২২ জানুয়ারি অনুমোদন করে। এতে দুই পক্ষের বিরোধ চরমে পৌঁছায়।