পাবনায় পলিথিন কারখানার সন্ধান, সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার আফুরিয়া পূর্বপাড়া মহল্লায় গতকাল সোমবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত পলিথিনের একটি কারখানার সন্ধান পেয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কারখানাটি সিলগালা করে দেন।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আজমল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মানিক অ্যান্ড ব্রাদার্স নামে নিষিদ্ধ পলিথিন তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া যায়। কারখানাটির মালিকের নাম মানিক হোসেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি ও অন্য কর্মচারীরা পালিয়ে যান। পরে বিষয়টি ইউএনও রায়হানা ইসলামকে জানালে তিনি কারখানাটি পরিদর্শন করে সিলগালা করে দেন।
ইউএনও বলেন, ‘কারখানার ভেতর প্রচুর পরিমাণ তৈরি পলিথিন ও পলিথিন তৈরির সরঞ্জাম রয়েছে। আমরা স্থানীয় দুই ব্যক্তির তত্ত্বাবধানে কারখানাটি সিলগালা করেছি।’