ভ্রাম্যমাণ আদালত গত বুধবার পাবনার ভাঙ্গুরায় নিষিদ্ধ পলিথিন ব্যাগের চারটি গুদামের সন্ধান পেয়েছেন। এ সময় পলিথিনের চার টন ব্যাগ উদ্ধার করা হয়। একই দিন আদালত সিলেট নগর ও বালাগঞ্জে অভিযান চালিয়ে ১৮টি দোকানের কাছ থেকে ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: পাবনা: বুধবার দুপুরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার কলেজপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনের চারটি গুদামের সন্ধান পেয়েছেন। আদালত এসব গুদাম কর্তৃপক্ষের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন এবং প্রায় ১০ লাখ টাকা মূল্যের চার টন পলিথিন জব্দ করেছেন। এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির। ইমাম উদ্দিন কবির জানান, নিষিদ্ধ ঘোষণার পরও সম্প্রতি পাবনা জেলার বিভিন্ন দোকানে পলিথিনের ব্যাগ বিক্রি করা হচ্ছে। একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা রাতে বিভিন্ন দোকানে এসব পলিথিন ব্যাগ সরবরাহ করছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর সহায়তায় আদালত ভাঙ্গুড়া উপজেলার কলেজপাড়া ও বড় বাজার এলাকায় পলিথিনের চারটি গুদামের সন্ধান পায়। এ সময় নিষিদ্ধ পলিথিন সরবরাহের দায়ে আদালত গুদামের মালিক আতাউর রহমানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।সিলেট: নগরের বন্দরবাজার, শাহী ঈদগাহ ও দরগাহ গেট এলাকায় বুধবার ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান চালিয়েছেন। এ সময় নোংরা খাবার পরিবেশন এবং পরিমাণে কম দেওয়ায় ১৩টি দোকানের কাছ থেকে ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন। তিনি জানান, বিএসটিআই সিলেটের উপপরিচালক রেজাউল করিম ও সিলেট কোতোয়ালি থানার পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। বালাগঞ্জ (সিলেট): উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের নেতৃত্বে এবং বিএসটিআই কর্মকর্তা কাওছার আহমদের সহযোগিতায় উপজেলার গোয়ালাবাজারে মিষ্টি, মুদি ও রড-সিমেন্টের দোকানে বুধবার অভিযান চালানো হয়। এ সময় ওজনে কম দেওয়া ও ভেজাল খাবার বিক্রির দায়ে পাঁচটি দোকান থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।