পাবনায় পাঁচ দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা টাউন হল মুক্তমঞ্চ প্রাঙ্গণে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু  হলো সুচিত্রা সেন চলচ্চিত্র উৎ​সব l ছবি: প্রথম আলো
পাবনা টাউন হল মুক্তমঞ্চ প্রাঙ্গণে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু হলো সুচিত্রা সেন চলচ্চিত্র উৎ​সব l ছবি: প্রথম আলো

পাবনায় পাঁচ দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে উৎসবের আয়োজন করেছে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। সহযোগিতায় রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
দুপুর ১২টায় মহানায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িতে কেক কেটে তাঁর জন্মদিন পালন ও চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে এসে শেষ হয়।
সন্ধ্যা সাতটায় সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান দিয়ে শুরু হয় উৎসবের মূল আয়োজন। এরপর মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক। আলোচনা পর্বে পাবনার জেলা প্রশাসক ও সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক রেখা রানী বালোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, পাবনা জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতিন খান ও নজরুল একাডেমির সাবেক সভাপতি কলকাতার বর্ধমান জেলা থেকে আসা অতিথি সুশীল ভট্টাচার্য। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন চলচ্চিত্র অভিনেতা নিরব।
উদ্বোধনী বক্তব্যে গোলাম ফারুক বলেন, ‘ইদানীং অনেকেই সুচিত্রা সেনের জন্মস্থান নিয়ে বিতর্ক তোলেন। কিন্তু আমরা জানি সুচিত্রা সেন পাবনার তথা বাংলাদেশের মেয়ে। এ দেশের মাটিতেই তাঁর বড় হওয়া, বেড়ে ওঠা। তাই আমরা এই মহানায়িকার পৈতৃক বাড়িটি সংরক্ষণ ও সেখানে তাঁর নামে কোনো একটি প্রতিষ্ঠান করার দাবি জানাই।’
আলোচনা পর্ব শেষে সুচিত্রা সেন অভিনীত সপ্তপদী চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। হাজারো দর্শক বড় পর্দায় ছবিটি উপভোগ করে।
পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি। এই বাড়িতে তিনি মা-বাবা ও ভাইবোনের সঙ্গে শৈশব-কৈশোর কাটিয়েছেন। ১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে কলকাতায় চলে যান।
আজ বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিন। এদিন অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। প্রথমেই থাকবে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান। এরপর প্রদর্শন করা হবে গৃহদাহ চলচ্চিত্রটি। এ ছাড়া উৎসবের তৃতীয় দিনে শাপমোচন, চতুর্থ দিনে হসপিটাল ও সমাপনী দিনে সাগরিকা চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।