পাবনায় পানিতে ডুবে দুই বোনসহ চারজনের মৃত্যু
পাবনার আটঘরিয়া, ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলায় গত শুক্র ও গতকাল শনিবার পানিতে ডুবে দুই বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো আটঘরিয়ার দুলামপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সোমা খাতুন (৭) ও রুমী খাতুন (৪), ফরিদপুরের গোবিন্দপুর গ্রামের আজমত আলীর ছেলে আইয়ুব আলী (৮) ও ভাঙ্গুড়ার নূরনগর গ্রামের আলম হোসেনের ছেলে শাহানুর রহমান (৪)।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে দুই বোন সোমা ও রুমী তাদের বাড়ির পার্শ্ববর্তী চিকনাই নদীর পারে পাটখড়ি কুড়াতে যায়। একসময় খড়ি তুলতে নদীতে নামলে স্রোতের তোড়ে তারা ডুবে যায়। পরে এলাকাবাসী ও স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর নদীর প্রায় দুই কিলোমিটার ভাটি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। এ ছাড়া শুক্রবার সকালে ফরিদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আইয়ুব আলী বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। একই দিন দুপুরে শাহানুর রহমান বাড়ির পাশের রূকনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।