পাবনায় পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের সড়াডাঙ্গী তাজিয়াপাড়া গ্রামে শনিবার রাতে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছে। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি হাত বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় আতাইকুলা থানায় একটি মামলা হয়েছে।নিহত ব্যক্তির নাম মো. ইয়াকুব আলী (২৮)। তিনি ডাকাতি করার জন্য ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে পাবনায় এসেছিলেন। আহতরা হচ্ছেন, দিনাজপুরের শ্রীপুর গ্রামের মনির হোসেন (২৫) ও সড়াডাঙ্গী তাজিয়াপাড়া গ্রামের ইমরান শেখ (৩২)।গ্রামবাসী জানায়, রাত একটার দিকে পাঁচ-ছয়জনের ডাকাত দল গ্রামের হজরত আলীর বাড়ির বাসিন্দাদের অস্ত্রের মুখে আটকে রেখে মালামাল লুটের পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির বাসিন্দারা চিৎকার শুরু করলে গ্রামবাসী ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দিতে থাকে। এতে ঘটনাস্থলেই ইয়াকুব আলী মারা যান। আহত অবস্থায় রাতেই পুলিশ অন্য দুজনকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দুটি তাজা হাত বোমা, এক জোড়া স্বর্ণের বালা, দুটি স্বর্ণের চেইন ও কানের দুল উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসাধীন ইমরান শেখ জানান, কিছুদিন আগে নিহত ইয়াকুব আলীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ইয়াকুব আগে থেকেই ডাকাতি পেশার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ইয়াকুবসহ চারজনের সঙ্গে ডাকাতির চুক্তি করে তাঁদের পাবনায় নিয়ে আসেন। আতাইকুলা থানার ওসি রবিউল হাসান সরকার বলেন, আহতরা ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পুলিশ পাহারায় তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।