পাবনায় পিটিয়ে মারা হলো মেছো বাঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহরে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। গত বুধবার বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে গ্রামবাসী কয়েকটি মেছো বাঘ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরে তারা সংঘবদ্ধ হয়ে বাঘগুলোকে খুঁজতে থাকে। বিকেল চারটার দিকে গ্রামের একটি মাঠে মেছো বাঘের সন্ধান পাওয়া যায়। পরে গ্রামবাসী বাঘটি ধরে ফেলে এবং পিটিয়ে মারে। চাটমোহর পৌর এলাকার বাসিন্দা মো. মহিদুল ইসলাম খান জানান, চলনবিলসংলগ্ন চাটমোহর এলাকায় মাঝেমধ্যেই মেছো বাঘ দেখতে পাওয়া যায়। গত মঙ্গলবার সকালে দাইনগর গ্রামের ধানখেতে একটি মেছো বাঘের বাচ্চার সন্ধান পাওয়া যায়। পরে ধানকাটা শ্রমিকেরা ওই বাচ্চাটিকেও পিটিয়ে হত্যা করে। এ ব্যাপারে মূলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘আমি জানার আগেই গ্রামবাসী বাঘটিকে পিটিয়ে হত্যা করে। পরে আমি লোকজনকে বাঘ দেখলে হত্যা না করে বন বিভাগকে জানানোর পরামর্শ দিয়েছি।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা বন কর্মকর্তা মো. সাইদ আলী বলেন, ঘটনাটি তাঁদের জানা নেই। বিষয়টি তাঁরা খবর নিয়ে দেখবেন।