পাবনায় পিডিবির কর্মী ছুরিকাহত
পাবনা শহরে গতকাল রোববার সকালে নাজির উদ্দিন (৩৫) নামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মচারীকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। তাঁর বাড়ি পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লায়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে নাজির বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথে চার-পাঁচজন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।পিডিবির পাবনা জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. সানাউল্লাহ জানান, অবৈধ সংযোগ রোধের লক্ষ্যে গত শনিবার শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে তিনিসহ কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এ সময় শহরের শালগাড়িয়া, জুবলী ট্যাংকপাড়া, আরিফপুর ও দক্ষিণ রাঘবপুর এলাকার ১১টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি অভিযোগ করেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় কিছু লোক তাঁদের ওপর ক্ষিপ্ত হয়। তারা বিভিন্নভাবে তাঁদের দেখে নেওয়ার হুমকি দেয়। তাদেরই কেউ নাজিরকে ছুরিকাঘাত করে আহত করেছে বলে তিনি ধারণা করছেন। পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, ‘ঘটনা জানার পর আমরা হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছি। আহত ব্যক্তির পক্ষ থেকে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।’