পাবনায় পুলিশি বাধায় জামায়াতের সমাবেশ পণ্ড, আহত ৩
পাবনার পৌর এলাকায় ১৪৪ ধারা জারির কারণে গতকাল শুক্রবার জামায়াতে ইসলামীর পূর্বনির্ধারিত কর্মসূচি পণ্ড হয়ে গেছে। পরে পৌর এলাকার বাইরে জামায়াত সমাবেশ করতে চাইলে পুলিশ সেখানেও বাধা দেয়। পুলিশ সুপার জামিল আহম্মেদ জানান, পাবনা শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে জামায়াতের ডাকা সমাবেশস্থলের পাশেই যুবলীগ ও ছাত্রলীগ সমাবেশের ঘোষণা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তিনি জানান, পৌর এলাকার বাইরে জামায়াতের সমাবেশস্থলের পাশেও যুবলীগ ও ছাত্রলীগ সমাবেশ ডাকে। এ অবস্থায় পুলিশ বাধ্য হয়ে জামায়াতের সমাবেশে বাধা দেয়।জামিল আহম্মেদ জানান, দোয়েল কমিউনিটি সেন্টারে কর্মী সমাবেশের ব্যাপারে জামায়াত বৃহস্পতিবার দুপুরে পুলিশকে জানিয়েছিল। একই দিন জেলা যুবলীগ ও ছাত্রলীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জামায়াতের সমাবেশস্থলের পাশেই সমাবেশের ডাক দেয়। এ অবস্থায় রাতে প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪৪ ধারা জারির কারণে জামায়াতের নেতা-কর্মীরা গতকাল সকালে পৌর এলাকার বাইরে রাজাপুরে সমাবেশের প্রস্তুতি নেন। একই সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রস্তুতি নেন। এ অবস্থায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে যায়। তারা জামায়াতের নেতা-কর্মীদের সমাবেশ না করার জন্য অনুরোধ জানায়। কিন্তু জামায়াতের নেতা-কর্মীরা তাতে সাড়া না দিয়ে সমাবেশ করার ঘোষণা দিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দৌড়ে পালাতে গিয়ে আবদুল হামিদ (৩৫), হামজা প্রামাণিক (৫০) ও ফিরোজ হোসেন (২০) আহত হন।এ ঘটনার পর পৌর এলাকার বাইরে মুন্দিরপুর এলাকায় যুবলীগ ও ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মোস্তাক আহম্মেদ, সাজ্জাদ হোসেন, শেখ ইকবাল, শাকিরুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে রাকিব বলেন, অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। ধর্মের দোহাই দিয়ে কোনো যুদ্ধাপরাধীকে পাবনার মানুষের সঙ্গে প্রতারণা করতে দেওয়া হবে না। জামায়াতের নেতা-কর্মীরা পরে দলের নায়েবে আমির আব্দুস সুবহানের বাগানবাড়িতে সংবাদ সম্মেলন করেন। এতে বক্তব্য দেন আব্দুস সুবহান, আবদুল কাদের মোল্লা ও তাসলিম আলম। বক্তারা দাবি করেন, পুলিশের লাঠিপেটায় তাঁদের অন্তত ১৫-২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।