পাবনায় পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার শিমুলচড়া গ্রামে গত সোমবার রাতে পুলিশের অভিযানের সময় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।পুলিশের ভাষ্যমতে, অভিযানের সময় বন্দুকযুদ্ধের একপর্যায়ে টিক্কা খান (৩৫) নিহত হন। তিনি চরমপন্থী দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা ও স্থানীয় টিক্কা বাহিনীর প্রধান। তাঁর বিরুদ্ধে আতাইকুলা থানায় দুটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।আতাইকুলা থানার পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চরমপন্থী সন্ত্রাসীরা সক্রিয় হয়ে উঠেছে। সোমবার দিবাগত রাতে অস্ত্রসজ্জিত একদল চরমপন্থী সন্ত্রাসী বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে পাবনার আটঘরিয়া উপজেলা থেকে আতাইকুলার দিকে আসছিল। রাত সাড়ে তিনটার দিকে আতাইকুলা থানা পুলিশের একটি দল শিমুলচড়া বড় রাস্তায় চরমপন্থী দলটিকে ঘিরে ফেলে। উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ থেকে ২৫ মিনিট বন্দুকযুদ্ধের পর চরমপন্থীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ টিক্কার লাশ উদ্ধার করা হয়ে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও ছয়টি গুলি উদ্ধার করেছে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, টিক্কা চরমপন্থী নেতা ও তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে আতাইকুলা থানায় দুটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। টিক্কার বাড়ি সদর উপজেলার হরিপুর গ্রামে।