পাবনায় পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাবনা পুলিশ লাইনস মাঠে গতকাল শনিবার জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুরশীদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশীদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম, জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, পাবনা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব-উল-আলম ও মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী মুর্তজা বিশ্বাস।
বেলা তিনটায় প্রধান অতিথির উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পুলিশের একটি চৌকস দল মাঠে প্যারেড করে। ‘সুস্থ দেহ সুস্থ মন, থাকব সতেজ সারাক্ষণ’ স্লোগান নিয়ে জেলার ৯ থানায় কর্মরত পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দৌড়, গোলক নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজ, বালিশ যুদ্ধসহ ২৫টি ইভেন্টে ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিকেলে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। রাতে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী কনা।