পাবনায় পেঁয়াজে পচন, দিশেহারা চাষিরা
পাবনায় পেঁয়াজের সংরক্ষিত বীজ ও আপৎকালীন মজুতে পচন ধরায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। সংরক্ষিত পেঁয়াজ কম দামে বিক্রি করে চাষিদের বেশি দামে বীজ কিনতে হচ্ছে। এতে চাষিরা প্রচণ্ড লোকসানের সম্মুখীন হচ্ছেন।
তবে কৃষি বিভাগের দাবি, লোকসানের পরও এবার পেঁয়াজের আবাদ বেড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মৌসুমে জেলায় পেঁয়াজের আবাদ হয় ৪১ হাজার ৭১৪ হেক্টর জমিতে। উৎপাদন হয় পাঁচ লাখ ২১ হাজার মেট্রিক টন পেঁয়াজ; যা আগের বছরের তুলনায় প্রায় ৭০ হাজার মেট্রিক টন বেশি। মৌসুমে প্রতি মণ পেঁয়াজের বাজারদর ছিল ৭০০ থেকে ৮০০ টাকা। তবে বেশি লাভের আশায় অধিকাংশ কৃষক তাঁদের উৎপাদিত পেঁয়াজের প্রায় ৬০ শতাংশ সংরক্ষণ করেন।
পেঁয়াজচাষিদের দাবি, সংরক্ষিত পেঁয়াজের প্রায় ২০ শতাংশ পচে নষ্ট হয়ে গেছে। এর মধ্যে রোপণ করার মতো পেঁয়াজও রয়েছে। ফলে রোপণজাত পেঁয়াজের সংকট দেখা দেওয়ায় বীজের দাম বেড়ে গেছে। এ ছাড়া খাওয়ার পেঁয়াজের দামও কমে গেছে। ফলে দুদিক থেকে চাষিদের লোকসান গুনতে হচ্ছে। এতে জেলার পেঁয়াজচাষিদের প্রায় আট থেকে ১০ কোটি টাকা লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে।
সুজানগরের দুর্গাপুর গ্রামের পেঁয়াজচাষি আবুল হোসেন জানান, গত মৌসুমে তিনি ১৪ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলেন। উৎপাদন হয়েছিল প্রায় ৬০০ মণ পেঁয়াজ। এর মধ্যে এক লাখ ৩০ হাজার টাকায় ২০০ মণ পেঁয়াজ বিক্রি করেছিলেন। বাকি ৪০০ মণ সংরক্ষণ করেছিলেন। এসব পেঁয়াজে পচন দেখা দিয়েছে। এ কারণে তাঁকে ২০০ থেকে ২৫০ টাকা মণ ধরে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।
সুজানগর হাটে গিয়ে দেখা যায়, বস্তায় পেঁয়াজ নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। পাইকারেরা পচা পেঁয়াজ কিনেই জমা করছেন হাটের বিভিন্ন স্থানে। প্রতি মণ পচা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। বাছাই করা ভালো পেঁয়াজ প্রতি মণ বিক্রি হচ্ছে ৭০০ থেকে এক হাজার টাকায়। একই সঙ্গে প্রতি মণ রোপণজাত পেঁয়াজ বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৬০০ টাকায়। এ সময় চাষি আবদুল খালেক বলেন, ‘বেশি লাভ করার জন্যি ২০০ মণ পিঁজ রাখে দিছিলেম। লাবের গুর পিঁপড়েয় খাইচে। ৫০ মণ পচে গেছে। এহন পচা পিঁজ পানির দামে বেচে থুয়ে যাচ্ছি।’
পাইকারি ব্যবসায়ী মো. আবদুল্লাহ জানান, পচা পেঁয়াজেরও চাহিদা রয়েছে। নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন এলাকার রেস্তোরাঁয় এই পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
বেড়ার পাইকান্দি গ্রামের চাষি ইউসুফ মৃধা জানান, রোপণজাত পেঁয়াজের পাশাপাশি পেঁয়াজ বীজের দামও এবার বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি উন্নয়ন কর্মকর্তা এ আই শাহীন জানান, গত কয়েক বছর জেলায় পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এ কারণে প্রতিকূল অবস্থার মধ্যেও পেঁয়াজ আবাদ বাড়ছে। গত মৌসুমে ৪১ হাজার ৭১৪ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। এবার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৩ হাজার ৪৫০ হেক্টর।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ বি এম মুস্তাফিজার রহমান জানান, গত মৌসুমে প্রচুর বৃষ্টিপাতের কারণে সংরক্ষিত পেঁয়াজে পচন দেখা দিয়েছে। এতে কৃষকের কিছুটা লোকসান হবে। তবে যাঁরা বৃষ্টি শুরুর আগে সংরক্ষণ করেছিলেন, তাঁদের পেঁয়াজ ভালো রয়েছে।