পাবনায় প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটা দখলমুক্ত

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে বাংলা সাহিত্যের চলিত গদ্যরীতির প্রবর্তক খ্যাতিমান লেখক প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটা দখলমুক্ত করা হয়েছে। স্থানীয় ব্যক্তিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম বিপুল কুমার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। অভিযানে তিন একর জমির ওপর অবস্থিত বাড়িটি থেকে অবৈধ দখলদারদের ১৮টি কাঁচা-পাকা বসতঘর উচ্ছেদ করা হয়।
অভিযান শেষে মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বাড়িটিতে বিভিন্ন স্থাপনা তৈরি করে দখল করে রেখেছিল। জেলা প্রশাসনের তরফ থেকে বারবার তাঁদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। কিন্তু এতে তাঁরা কর্ণপাত করেননি। সর্বশেষ অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য পরপর পাঁচবার নোটিশ দেওয়া হয়। শেষমেশ বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়।
প্রমথ চৌধুরী ১৮৯৯ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজিকে বিয়ে করেন। তিনি ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর শান্তিনিকেতনে মারা যান। ১৯৪৭ সালের পর থেকে তাঁর হরিপুরের পৈতৃক বাড়িটি দখল শুরু হয়। ভুয়া কাগজপত্র তৈরি করে একটি চক্র বাড়িটি দখলে নেয়। মামলায় হেরে গেলে চক্রটি দখল ছেড়ে দেয়। দীর্ঘদিন পর সেখানে কিছু প্রভাবশালী ব্যক্তি ও ভূমিহীনেরা বসতবাড়ি গড়ে তোলেন।