পাবনায় ফাউল কলেরায় ৮৫০টি মুরগির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার একটি খামারে গত পাঁচ দিনে ৮৫০টি মুরগি মারা গেছে। এ ঘটনায় স্থানীয় খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খামারিরা রোগটিকে ব্লাড ফ্লু বলে ধারণা করলেও প্রাণিসম্পদ বিভাগের দাবি, ফাউল কলেরায় মুরগিগুলো মারা গেছে।ক্ষতিগ্রস্ত খামারের মালিক মো. পান্টু শেখ জানান, তাঁর খামারে প্রায় এক হাজার ১০০ মুরগি প্রতিদিন ডিম দিত। হঠাৎ করেই মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে। ৬ মার্চ প্রথমে ৬০টি মুরগি মারা যায়। এরপর গত এক সপ্তাহে একে একে প্রায় ৮৫০টি মুরগি মারা গেছে। বাকি মুরগিগুলোও অসুস্থ হয়ে পড়েছে।গ্রামের অপর খামারি আমজাদ হোসেন বলেন, একটি খামারে একসঙ্গে এত মুরগি মরায় তাঁরা আতঙ্কে রয়েছেন। এভাবে মুরগি মারা গেলে তাঁদের পথে বসতে হবে।এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ বিভাগের বার্ড ফ্লু গবেষক ও পশুচিকিৎসক তাইফুর রহমান বলেন, খবর পেয়ে তাঁরা খামারটি পরিদর্শন ও মৃত মুরগির ময়নাতদন্ত করেছেন। এতে দেখা গেছে, মুরগিগুলো ফাউল কলেরায় আক্রান্ত হয়েছে। এটি ব্যাকটেরিয়াজনিত রোগ। আবহাওয়াগত কারণে রোগটি সৃষ্টি হয়। এ রোগে সাধারণত এত ক্ষতি হয় না। এই খামারের মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এত মুরগি মারা গেছে। তবে এর সংক্রমণ যেন অন্য খামারে না ছড়ায়, সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।