পাবনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার খাঁগড়বাড়িয়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত বুধবার সন্ধ্যায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ২২ জনকে ফরিদপুর স্বাস্থ্যসেবাকেন্দ্রে ও তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফরিদপুর থানায় দুটি মামলা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, খাঁগড়বাড়িয়া ফুটবল মাঠে মঙ্গলবার বিকেলে এলাকার প্রামাণিক দল ও ব্যাপারী দলের মধ্যে ফুটবল খেলা হয়। খেলায় প্রামাণিক দল জয়লাভ করে মাইকে তা প্রচার করতে থাকে। এতে ব্যাপারী দলের খেলোয়াড়েরা ক্ষিপ্ত হয়ে প্রামাণিক দলকে মাইক বাজাতে নিষেধ করেন। এ সময় তারা মাইক বাজানো বন্ধ না করে ব্যাপারী দলের খেলোয়াড় সোহান হোসেনকে (৩০) পিটিয়ে আহত করে। এ ব্যাপারে বুধবার সন্ধ্যায় গ্রামের ইব্রাহীম হোসেনের বাড়িতে সালিস বসে। সালিসে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষই ইটপাটকেল, লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রামাণিক পক্ষের রঞ্জু প্রামাণিক, আমিনুল প্রামাণিক, জাহিদুর প্রামাণিক এবং ব্যাপারী পক্ষের জাহাঙ্গীর হোসেন, বেলী খাতুন, আনসার আলী, মোকসেদ হোসেন, জামরুল হোসেনসহ ৩০ জন আহত হন। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় পক্ষই প্রভাবশালী। তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ ঘটনায় বুধবার ব্যাপারী পক্ষের ইউসুফ ব্যাপারী ২৪ জনের বিরুদ্ধে এবং প্রামাণিক পক্ষের হাবিবুর রহমান প্রামাণিক বৃহস্পতিবার ৫৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন।