পাবনায় বন বিভাগের গাছ বিক্রি করেছে সওজ!
পাবনা শহরের গাছপাড়া মোড় থেকে টার্মিনাল পর্যন্ত বিভিন্ন সড়কের বেশ কিছু গাছ গত বৃহস্পতিবার থেকে কাটা শুরু হয়েছে। সড়ক প্রশস্ত করতে গাছগুলো কেটে ফেলতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এগুলো বিক্রি করে দিয়েছে। তবে বন বিভাগের দাবি, এর মধ্যে তাদের ২৬টি গাছ আছে। সওজ বন বিভাগের সঙ্গে পরামর্শ ছাড়াই গাছগুলো বিক্রি করেছে।সওজ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে সওজ গাছপাড়া মোড় থেকে এডওয়ার্ড কলেজ হয়ে টার্মিনাল পর্যন্ত বিভিন্ন সড়কের ৪৭টি কড়ই, বট ও মেহগনিগাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫৫ হাজার টাকায় গাছগুলো কিনে নেন রাজশাহীর ঠিকাদার বকুল হোসেন। বৃহস্পতিবার থেকে শ্রমিক দিয়ে তিনি গাছ কাটা শুরু করেন।গাছ কাটায় নিয়োজিত শ্রমিক আবদুল লতিফ জানান, গত তিন দিনে গাছপাড়া মোড় থেকে এডওয়ার্ড কলেজ এলাকা পর্যন্ত সড়কের দুই পাশ থেকে ছয়টি বটগাছ ও মোজাহিদ ক্লাব এলাকা থেকে নয়টি কড়ইগাছ কাটা শেষ করেছেন। তবে বন বিভাগের বাধায় বাকি গাছগুলো তাঁরা কাটতে পারেননি।ঠিকাদার বকুল হোসেন জানান, তিনি সওজ থেকে ৪৭টি গাছ কিনেছেন। এর মধ্যে ১৫টি গাছ কাটা হয়েছে। বন বিভাগের বাধার কারণে তিনি ২৬টি গাছ কাটতে পারেননি। বিষয়টি সওজকে জানানো হয়েছে। তারা গাছগুলো কাটার ব্যবস্থা করে দেবে বলে আশ্বাস দিয়েছে।বন বিভাগ, পাবনা কার্যালয়ের প্রধান সহকারী শামীম হোসেন জানান, ওই ৪৭টি গাছের মধ্যে ২৬টি বন বিভাগের। ১৯৯৪ সালে বন বিভাগ গাছগুলো লাগিয়ে পরবর্তী সময়ে সওজকে তা জানিয়েছে। কিন্তু তারা গাছগুলো বিক্রির সময় বন বিভাগকে কিছুই জানায়নি। তাই ২৬টি গাছ কাটায় বাধা দেওয়া হয়েছে।পাবনা সওজের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ শাহেদ বলেন, বন বিভাগ ১৯৯৪ সালে গাছগুলো লাগিয়ে ১৯৯৭ সালে তা সওজকে জানিয়েছে। ফলে গাছগুলো বন বিভাগের হিসাবে নথিভুক্ত হয়নি। গাছগুলো না কাটা হলে সড়ক প্রশস্ত করা সম্ভব নয়। তাই দরপত্রের মাধ্যমে তা বিক্রি করা হয়েছে। বন বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।