পাবনায় বার্ড ফ্লুতে সাত দিনে ৪০ হাজার মুরগির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন মুরগির খামারে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছে। খামারিদের দাবি, এ রোগে গত এক সপ্তাহে প্রায় ৪০ হাজার মুরগি মারা গেছে। এ কারণে প্রায় ৩০টি খামার বন্ধ হয়ে গেছে।বার্ড ফ্লু ধরা পড়ায় গত শুক্রবার বিকেলে প্রাণিসম্পদ বিভাগ সদর উপজেলার ঘোষপুর গ্রামের একটি খামারে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার মুরগি ও চার হাজার ডিম নিধন করেছে। প্রাণিসম্পদ বিভাগ বিষয়টি নিয়ে খামারিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও খামারিদের সূত্রে জানা যায়, জেলার নয়টি উপজেলায় মুরগির খামার রয়েছে প্রায় তিন হাজার। সমপ্রতি সদর ও আটঘরিয়া উপজেলার বেশ কয়েকটি খামারে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দেওয়ায় খামারের মালিকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এই দুটি উপজেলায় গত সপ্তাহে প্রায় ৩০টি খামারের ৪০ হাজার মুরগি বার্ড ফ্লুতে মারা গেছে। এর মধ্যে অভিরামপুর গ্রামের এ কে এম সহিদুল আলমের খামারের দেড় হাজার, দেবত্বর গ্রামের আবদুল মাজিদের খামারের দুই হাজার, বিশ্রামপুর গ্রামের আবদুল জব্বারের খামারের এক হাজার, শ্রীকান্তপুর গ্রামের ফরহাদ হোসেনের খামারের দুই হাজার, মিয়া পাড়া গ্রামের আবদুল বারির খামারের দেড় হাজার, একই গ্রামের মিলন হোসেনের খামারের প্রায় এক হাজার, সদর উপজেলার টেবুনিয়া গ্রামের আবদুল কুদ্দুসের খামারের সাড়ে তিন হাজার এবং রোহান উদ্দিনের খামারের আরও প্রায় এক হাজারসহ ওই দুই উপজেলার অন্তত ৩০টি খামারের প্রায় ৪০ হাজার মুরগি বার্ড ফ্লুতে মারা গেছে।আটঘরিয়া উপজেলার অভিরামপুর গ্রামের খামারি এ কে এম শহীদুল আলম জানান, উপজেলার অধিকাংশ খামারে এখন বার্ড ফ্লু দেখা দিয়েছে। প্রাণিসম্পদ বিভাগকে জানালে তারা এসে মুরগি নিধন করে, কিন্তু ক্ষতিণপূরণ দেয় না। তাই অধিকাংশ খামারি ভয়ে মুখ খুলছেন না। আটঘরিয়ার দেবত্বর গ্রামের খামারি আবদুল মজিদ জানান, বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগি প্রথমে সাদা মল ত্যাগ করছে। এরপর মুরগিগুলো খাওয়া বন্ধ করে দিচ্ছে। পরে ঝিমুনি ভাব ধরার কিছুক্ষণের মধ্যেই মুরগিগুলো মারা যাচ্ছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম বিভিন্ন খামারে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘কয়েকটি খামারে বার্ড ফ্লুতে মুরগি মারা যাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে কোনো মুরগি পাইনি। তাই আমরা শূন্য খামারে ওষুধ ছিটিয়ে এসেছি। বার্ড ফ্লু ধরা পড়ায় গত শুক্রবার সদর উপজেলার ঘোষপুর গ্রামের একটি খামারে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার মুরগি ও চার হাজার ডিম নিধন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে খামারিদের সচেতন ও সতর্ক থাকতে হবে। আমরা সচেতনতা বাড়াতে প্রচারণা শুরু করেছি।’