পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে আজ সোমবার দুপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের তিনজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সদর উপজেলার আতাইকুলা থানার লক্ষ্মীপুর গ্রামের গোপাল হাওলাদারের স্ত্রী শঙ্খ রানী (৫০), তাঁর মেয়ে বিজলী রানী (৩৫) ও বিজলীর সন্তান আকাশ (১০)। অপর দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ, আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনা থেকে নাইট স্টার নামে যাত্রীবাহী একটি বাস ঢাকা যাচ্ছিল। নগরবাড়ি থেকে পাথরবোঝাই একটি ট্রাক পাবনার দিকে যাচ্ছিল। পথে দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের চিনাখড়া বাজার এলাকায় চাকা ফেটে গেলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পাবনার সদর উপজেলার ঘোষপুর গ্রামের আজাহার বিশ্বাস (৫০) ও হেমায়েতপুর গ্রামের বজলুর রহমান বলেন, ট্রাকটি খুব দ্রুত গতিতে আসছিল। হঠাৎ করে বিকট শব্দ হয়। এরপর বাসটি গিয়ে ট্রাকের ওপর আছড়ে পড়ে। তারপর শুধু চিৎকার শুনতে পেয়েছেন তাঁরা। আর কিছু তাঁরা বুঝতে পারেননি।

সুজানগর থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করেছে। পরে আরেকজনের মৃত্যু হয়।