পাবনায় বাসের ধাক্কায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিলন হোসেন (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। গত শুক্রবার পাবনা-ঢাকা মহাসড়কের উপজেলার আতাইকুলা থানার অধীন মাধপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিলন সাঁথিয়া উপজেলার জগন্নাথপুর গ্রামের আবদুস ছাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে মিলন পাবনা শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। মাধপুর বাসস্ট্যান্ডে এসে অটোরিকশা থেকে নামার সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ার পর গতকাল শনিবার ভোরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে এসে তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান।
আতাইকুলা থানার এসআই নাজমুল ইসলাম জানান, মাধপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি তাঁরা শুনেছেন। তবে নিহত ব্যক্তির পরিবার লাশ গ্রামের বাড়িতে নিয়ে গতকালই দাফন করেছে।