পাবনায় বাড়ছে রোগী, বড় হচ্ছে করোনা ইউনিট
পাবনায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের ১০০ শয্যার করোনা ইউনিট রোগীতে পরিপূর্ণ। ফলে করোনা ইউনিট আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে অতিরিক্ত রোগীর চাপে দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের কর্মীদের অনেকে করোনায় আক্রান্ত হওয়ায় জনবলসংকট দেখা দিয়েছে। অবস্থার অবনতি হলেই আক্রান্ত রোগীদের রাজশাহী বা ঢাকায় পাঠানো হচ্ছে। ফলে দৃশ্যত জেলাটিতে করোনায় মৃত্যুর হার কম রয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় ও জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় প্রতিদিন ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত করোনা রোগী বাড়ছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।
আক্রান্ত রোগীদের মধ্যে জেনারেল হাসপাতালের ১০০ শয্যার করোনা ইউনিটে ৯৭ জন ভর্তি আছেন। সপ্তাহের শুরুতে শনিবার ভর্তি রোগীর এই সংখ্যা ছিল ৫৩। প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ শতাংশ করে রোগী ভর্তি বাড়ছে। ফলে নতুন রোগীদের জন্য আরও ৬০ শয্যার করোনা ইউনিট বাড়ানোর পরিকল্পনা জেলা স্বাস্থ্য বিভাগের। হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে সাধারণ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের পুরোটা করোনা ইউনিট করার সিদ্ধান্ত হয়েছে।
যোগাযোগ করা হলে হাসপাতালের প্রধান সহকারী রহুল আমিন বলেন, একদিকে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, অন্যদিকে হাসপাতালের কর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। ফলে লোকবলসংকট তৈরি হচ্ছে। করোনা ইউনিট বাড়ানোর পাশাপাশি হাসপাতালে লোকবলও বাড়ানো প্রয়োজন।
এদিকে জেলায় দীর্ঘদিনে পিসিআর ল্যাব চালু হয়নি। সপ্তাহের দুদিন নমুনা সংগ্রহ করে রাজশাহী ও সিরাজগঞ্জে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এতে সঠিক সময়ে সঠিক করোনা রোগী শনাক্ত হচ্ছে না। ২০০৯ সালে হাসপাতালের জন্য চারটি কার্ডিয়াক মনিটর ও আইসিইউ শয্যা এসেছে। একটি হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে। এসব চালুর জন্য গত ডিসেম্বরে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থার কাজ শুরু হলেও তা এখনো শেষ হয়নি। কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্টে সিলিন্ডার লাগিয়ে কোনোমতে রোগীদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। হাসপাতালে আইসিইউসহ প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা না থাকায় রোগীর অবস্থা একটু অবনতি হলেই রাজশাহী বা ঢাকায় পাঠানো হচ্ছে। এতে জেলায় রোগী মৃত্যুর হার কম দেখা যাচ্ছে বলে স্থানীয় লোকজন দাবি করেন।
এ ব্যাপারে পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. সালেহ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘রোগী বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন সংকট তৈরি হচ্ছে। তবে সংকটের মধ্যেও আমরা রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে কাজ করে যাচ্ছি। নতুন করে করোনা ইউনিট ও লোকবল বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।’
আইসিইউ ইউনিট ও হাই ফ্লো নাজাল ক্যানুলা প্রসঙ্গে মো. সালেহ মোহাম্মদ আলী বলেন, কেন্দ্রীয় অক্সিজেন পুরোপুরি চালু না হলে কিছুই চালু করা সম্ভব হবে না। তবে হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে চেষ্টা অব্যাহত আছে।
পাবনা সিভিল সার্জন চিকিৎসক মনিসর চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জেনারেল হাসপাতালের ১০০ শয্যা নিয়ে করোনা ইউনিট চালু হয়েছিল। এখন আরও কিছুটা বাড়ানো হচ্ছে। রোগীর চাপ বাড়তে থাকলে পুরো হাসপাতালে করোনা চিকিৎসা দেওয়া হবে।