পাবনায় বিএনপির ঢিলেঢালা হরতাল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে গতকাল শনিবার পাবনায় জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকালে শহরে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। সারা দিন দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল।
সকালে শহরের সরকারি এডওয়ার্ড কলেজ সড়ক ও পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর ও পুষ্পপাড়া এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন হরতাল-সমর্থকেরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের আর কাউকে মাঠে দেখা যায় না। দুপুর ১২টার দিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা হরতালের সমর্থনে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে শিমুল বিশ্বাসের মুক্তির দাবি করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর আগে বেলা ১১টায় একই দাবিতে শহরের আবদুল হামিদ সড়কে মানববন্ধন করে জিয়া পরিষদের পাবনা জেলা শাখা।