পাবনায় বিএনপির তিন বিদ্রোহীকে বহিষ্কার
পাবনার তিন পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ায় তিন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতির বাসভবনে দলীয় নেতারা বৈঠক করে এ সিদ্ধান্ত জানান।
বহিষ্কার করা নেতারা হলেন সুজানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সুজানগর পৌরসভার বিদ্রোহী মেয়র পদপ্রার্থী কামাল হোসেন বিশ্বাস, চাটমোহর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও চাটমোহর পৌরসভার মেয়র প্রার্থী আবদুল মান্নান এবং সাঁথিয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাঁথিয়া পৌরসভায় মেয়র প্রার্থী সাইফুল ইসলাম।
বৈঠক শেষে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদের বাসায় দলের জ্যেষ্ঠ নেতারা জরুরি বৈঠক করেন। বৈঠক সভাপতি, সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতাদের মত অনুযায়ী দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় ওই তিনজনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
পাবনা পৌরসভায় বিএনপির বিদ্রোহী অংশের নেতা ও বর্তমান পৌর মেয়র কামরুল হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারও নির্বাচনে অংশ নিচ্ছেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আগেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নতুন এই তিনজনসহ মোট চারজন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হলো। শুধু সাঁথিয়া পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আশিক ইকবাল।
এ প্রসঙ্গে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘আশিক ইকবাল আমাদের বিএনপির কেউ নন। তিনি ছাত্রদলের সাবেক নেতা। তাঁকে বিএনপির বিদ্রোহী বলা যায় না।’