পাবনায় বিএনপির দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় হাজিরা দিতে এদিন সকালে জয়নাল আবদিন পাবনায় আসেন।দলীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটায় জয়নাল আবদিন জেলা বিএনপির একাংশের সভাপতি হাবিবুর রহমানের বাসায় যান। এতে দলের অপর অংশের নেতারা ক্ষিপ্ত হন। সকাল সাড়ে নয়টার দিকে তিনি জেলা জজ আদালতে গেলে ওই অংশের নেতা-কর্মীরা তাঁকে আদালত চত্বরে ঘিরে ধরে বিভিন্ন বিষয়ে অভিযোগ দিতে থাকেন। এ সময় দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টায় জয়নাল আবদিন পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হলে আদালতের বারন্দায় দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আবার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় উভয় অংশের নেতারাই তাঁর গাড়িতে উঠতে গেলে তৃতীয় দফা সংঘর্ষ বাধে। এ সময় তিনি দ্রুত আদালত চত্বর ত্যাগের চেষ্টা করলে এক পক্ষের নেতা-কর্মীরা আদালতের সামনের সড়কে গাড়ি আটকিয়ে বিক্ষোভ দেখান ও কয়েকজন কর্মী সড়কে শুয়ে পড়ে দলের বিরোধ নিষ্পত্তির দাবি জানান। একপর্যায়ে তিনি গাড়ি থেকে নেমে বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিলে নেতা-কর্মীরা রাস্তা ছেড়ে দেন। জয়নাল আবদিন ঘটনাস্থল ত্যাগ করা মাত্রই দুই অংশের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ আদালত চত্বর থেকে জেলা বিএনপির কার্যালয় পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুই অংশের কর্মীরা লাঠি নিয়ে একে অপরকে ধাওয়া করতে থাকে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে এলিস নামের এক পথচারী, পাবনা সদর উপজেলা বিএনপির একাংশের সভাপতি কে এম মুসা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম সরদার, রাজন, নূর মোহাম্মদসহ ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির একাংশের সভাপতি হাবিবুর রহমান বলেন, জয়নাল আবদিনকে নিয়ে আদালতে যাওয়ার সময় বিদ্রোহী নেতা নামধারী কামরুল হাসান, সেলিম রেজা ও আনিসুল হকের নেতৃত্বে এক দল সন্ত্রাসী তাঁদের ওপর দফায় দফায় হামলা চালায়। যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁরা বিএনপি করেন না। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী অংশের নে তা কমরুল হাসান বলেন, জেলা বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বিদ্রোহী অংশের আরেক নেতা আবদুস সামাদ খান বলেন, জয়নাল আবদিনের পাবনায় আসার বিষয়ে তাঁদের কিছুই জানানো হয়নি। খবর পেয়ে তাঁরা তাঁকে স্বাগত জানাতে আদালত চত্বরে যান। এ সময় কিছু উচ্ছৃঙ্খল যুবক সংঘর্ষে জড়িয়ে পড়েন। জয়নাল আবদিন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, তিনি এ বিষয়ে এখানে কিছু বলবেন না। কেন্দ্রীয়ভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।