পাবনায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পীরপুর গ্রামে গতকাল শনিবার সকালে সদর মণ্ডল (৬৩) নামের এক বৃদ্ধকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ হানিফ আলী (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকাল নয়টার দিকে সদর মণ্ডলের একটি গরু প্রতিবেশী হানিফের বেগুনখেতের গাছ খায়। হানিফ গরুটি আটকে মারধর শুরু করলে সদর মণ্ডল তাতে বাধা দেন। একপর্যায়ে তাঁদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও পরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হানিফের লোকজন সদর মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) কবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনার পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হানিফ আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।