পাবনায় বোমা বানাতে গিয়ে দুই চরমপন্থী নিহত
পাবনার ফরিদপুর উপজেলার গয়েশবাড়ী ইউনিয়নের বড়মঙ্গল গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন: মো. সাজাহান আলী ও মো. রফিক উদ্দিন। নিহত ব্যক্তিদের একজন নিষিদ্ধঘোষিত সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ও অপরজন সংগঠনটির সক্রিয় সদস্য বলে পুলিশ দাবি করেছে।প্রত্যক্ষদর্শী একাধিক এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যার দিকে বড়মঙ্গল গ্রামের ওই মাঠের মধ্যে কয়েকজনকে বসে থাকতে দেখা গেছে। এ সময় হঠাত্ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, তাঁরা বোমা বানাচ্ছিলেন। এতে ঘটনাস্থলেই সাজাহান নিহত হন। এলাকার লোকজন এ সময় গুরুতর আহত অবস্থায় রফিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।পাবনার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিরা নাশকতার উদ্দেশ্যে ওই বোমা তৈরি করছিলেন। এ সময় একটি বোমার বিস্ফোরণ হয়ে তাঁদের মৃত্যু হয়। তাঁদের মধ্যে সাজাহান পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক প্রধান ও রফিক উদ্দিন সক্রিয় সদস্য। তাঁরা সাঁথিয়া থানার দিপু হত্যা মামলার আসামি।