পাবনায় বোমা হামলায় চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার একটি মাদ্রাসা ভবনের পেছনে গত মঙ্গলবার দিবাগত রাতে বোমা হামলায় মো. সেলিম রেজা (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সেলিমের বাড়ি সদর উপজেলার মধুপুর গ্রামে। তিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য বলে পুলিশ দাবি করেছে।আটঘরিয়ার শিবপুর তোহা ফাজিল মাদ্রাসার একাধিক ছাত্র জানান, রাত সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে মাদ্রাসা এলাকায় আসে। তারা মাদ্রাসার ছাত্রদের কক্ষ থেকে বের হতে নিষেধ করে। এ সময় মাদ্রাসার চারপাশে দৌড়াদৌড়ির শব্দ শোনা যায়। রাত দুইটার দিকে মাদ্রাসা ভবনের পেছনে একটি বোমা বিস্ফোরিত হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি আটঘরিয়া থানার পুলিশকে জানায়। গতকাল বুধবার ভোর ছয়টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে সেলিমের লাশ উদ্ধার করে।আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল করিম জানান, সেলিমের শরীরে বোমার আঘাত রয়েছে। চরমপন্থীদের কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।মাদ্রাসা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে শিবপুর তোহা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আবদুল মজিদ গতকাল দুপুরে মামলা করেন। মামলায় ১০-১৫ জন অজ্ঞাত সন্ত্রাসীকে আসামি করা হয়েছে।মাদারীপুরে চরমপন্থী গ্রেপ্তার: মাদারীপুর প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের মৃধারমোড় থেকে গত মঙ্গলবার বিকেলে পূর্ব বাংলা সর্বহারা পার্টির রাজারচর এলাকার আঞ্চলিক নেতা আহসান বেপারীকে (৪০) গ্রেপ্তার করেছেন র‌্যাব-৮-এর সদস্যরা। পরে রাতে রাজারচরে তাঁর বাড়ি থেকে একটি বন্দুক, দুটি গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়।আহসানের বিরুদ্ধে সদর থানায় দুটি খুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সর্দার জানান, আহসানকে অস্ত্রসহ থানায় সোপর্দ করেছে র‌্যাব।