পাবনায় ব্যবসায়ীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের এ আর প্লাজা মার্কেটে গতকাল রোববার দুপুরে সন্ত্রাসী হামলায় দুজন ব্যবসায়ী আহত হয়েছেন। হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা শহরের প্রধান সড়ক (আবদুল হামিদ সড়ক) এক ঘণ্টা অবরোধ ও বিক্ষোভ করেছেন। ব্যবসায়ীরা জানান, মাঝেমধ্যেই মার্কেটে ব্যবসায়ীদের লাঞ্ছিত হতে হয়। চাঁদাবাজির ঘটনাও ঘটে। গতকাল দুপুর ১২টার দিকে পাঁচ-সাতজন সন্ত্রাসী মার্কেটে ঢুকে কম্পিউটার ব্যবসায়ী আবদুল মান্নানকে মারধর শুরু করে। এ সময় অপর ব্যবসায়ী আনোয়ার হোসেন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁকেও মারধর করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ পরই মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসেন। তাঁরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ আর প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, ‘ব্যবসায়ীরা কারও হাতে জিম্মি নয়। বিষয়টি আমরা পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষকে জানিয়েছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আমরা অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ করে আন্দোলনে নামব।’ পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে পরিস্থিতি স্বাভাবিক করেছি। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’