পাবনায় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাকের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। একই সঙ্গে ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগ জরুরি সভা করে জড়িত ব্যক্তিদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।গ্রেপ্তার হওয়া দুজন হলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। তাঁদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গত রোববার জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর পদবঞ্চিত ব্যক্তিরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাকের ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় সোমবার ওই ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ১২ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।এসব ঘটনা নিয়ে গত সোম ও মঙ্গলবার প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়েছে। ভাঙচুরের ঘটনায় গত সোমবার জেলা আওয়ামী লীগ শহরের দলীয় কার্যালয়ে এক জরুরি সভা করে। এ সভায় নবনির্বাচিত জেলা ছাত্রলীগ ও এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে এ সভায় শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা এবং এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দল থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।