পাবনায় মহীয়সীর কবিতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কবিতায় প্রতিবাদ, কবিতায় প্রেম। কবিতায় সংগ্রাম, কবিতায় দেশ’—এই স্লোগানে গতকাল শুক্রবার পাবনার সাহিত্য-বিষয়ক সংগঠন মহীয়সী সাহিত্য ও পাঠচক্রের আয়োজনে চতুর্থ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পাবনা প্রেসক্লাব মিলনায়তনের উৎসবে দেশের বিভিন্ন এলাকার দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশ নেন।

সকাল সাড়ে নয়টায় উৎসবের উদ্বোধন করেন ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন। এরপর তিন পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বের আলোচনা সভায় কবি ও গল্পকার এনামুল হক টগরের সভাপতিত্বে বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ, শিক্ষাবিদ মনোয়ার হোসেন জায়েদী ও কবি যাযাবর জিয়া।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি-সাহিত্যিকেরা স্বরচিত কবিতা পাঠ করেন। এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও গল্পকার আখতার জামান, চিকিৎসক সরোয়ার জাহান, কাউন্সিলর ও কলামিস্ট রুমি শায়লা শারমিন, কবি শিবলী মোকতাদির ও কবি সমীর আহম্মেদ।

অনুষ্ঠানের সমাপনী পর্বে  মহীয়সী ও সাহিত্য পাঠচক্রের সভাপতি রেহানা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম, কবি ও গীতিকার এ এ এম হাফিজুর রহমান, রানা প্রপার্টিজের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, সাহিত্যিক অদ্বৈত মারুত ও সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আবদুল মজিদ।

সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জেলার বিভিন্ন অঞ্চলের কবি-সাহিত্যিকদের লেখা গল্প-কবিতা নিয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। বিকেলে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।