পাবনায় মাত্র একজন নারী চেয়ারম্যান প্রার্থী
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে পাবনার চাটমোহর উপজেলার ছয়টি ইউনিয়নে আগামী ৪ জুন নির্বাচন হতে যাচ্ছে। এর মধ্যে উপজেলার বিলচলন ইউনিয়নে একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বুলবুলি খাতুন। তিনি ইউনিয়নটির বর্তমান প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য।
ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের বিদ্রোহী আকতার হোসেন, অপর বিদ্রোহী সাইদুল ইসলাম, বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ আলী ও স্বতন্ত্র বুলবুলি খাতুন। চার পুরুষ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সমানতালে প্রচার-প্রচারণা চালাচ্ছেন এই নারী প্রার্থী। তিনি সর্বশেষ নির্বাচনে ইউনিয়নের ১, ২, ৩ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বুলবুলি খাতুন বলেন, গত নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিত হয়ে তিনি নারীদের উন্নয়নে কাজ করেছেন। নারীর ক্ষমতায়ন, আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে সচেষ্ট থেকেছেন। কিন্তু সংরক্ষিত নারী সদস্য থাকায় এই কাজকে গতিশীল ও সার্থকভাবে এগিয়ে নিতে পারেননি। এবার ইউনিয়নবাসীর অনুরোধে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচিত হয়ে এলাকার আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে চান।