পাবনায় মানহানির মামলায় জামিন মাহ্ফুজ আনামের
পাবনায় মানহানির মামলায় জামিন পেয়েছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। পাবনার মুখ্য বিচারিক হাকিমের আদালত গতকাল বৃহস্পতিবার তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, পাবনায় গত ১৬ ফেব্রুয়ারি মানহানির অভিযোগে মামলা করেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মাহ্ফুজ আনাম পাবনার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় মামলার বাদী আদালতে অনুপস্থিত ছিলেন। ফলে বাদীপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা দুই পক্ষের শুনানি শেষে মাহ্ফুজ আনামের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী ১২ মে।
আদালতে ডেইলি স্টার সম্পাদকের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মলয় কুমার রায়, আবদুল হান্নান, খায়রুল হাসান, রুহুল আমিন, সাইফুল ইসলাম সিদ্দিক, মঞ্জুর আলম বিশ্বাস ও আবদুর রহিম।
এর আগে গত মঙ্গলবার মাদারীপুরের মানহানির মামলায় জামিন পেয়েছেন মাহ্ফুজ আনাম। তিনি ওই দিন মাদারীপুরের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জাকির হোসেন তা মঞ্জুর করেন। ১০ কোটি টাকার মানহানির অভিযোগে সেখানে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আইনজীবী ছিদ্দিকুর রহমান।
গাইবান্ধা: গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী তারিখ ২ জুন ধার্য করা হয়েছে।
আদালতে গত ১৭ ফেব্রুয়ারি ১০ কোটি টাকার মানহানির মামলা করেন জেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম।