পাবনায় মাসব্যাপী বইমেলা শুরু
পাবনা শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে গতকাল সোমবার থেকে মাসব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী শুরু হয়েছে। জেলার শতবর্ষী পাঠাগার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির আয়োজনে অনুষ্ঠিত মেলা ব্যবস্থাপনায় রয়েছে বইমেলা উদ্যাপন পরিষদ।
গতকাল সন্ধ্যা সাতটায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার এম সাইদুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে বইমেলা উদ্যাপন পরিষদের সভাপতি শিবজিদ নাগের সভাপতিত্বে বক্তব্য দেন অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নকীব চৌধুরী ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফরুক।
প্রধান অতিথির বক্তব্যে এম সাইদুর রহমান খান বলেন, ‘বই আমাদের অকৃত্রিম বন্ধু। আর বইমেলা বাঙালি সংস্কৃতির অংশ।’
উদ্বোধনী আলোচনা সভা শেষে অতিথিরা কয়েকটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। আয়োজকেরা জানান, মুক্তমঞ্চ প্রাঙ্গণে বইমেলার পাশাপাশি পার্শ্ববর্তী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে একযোগে চলবে দুর্লভ বইয়ের প্রদর্শনী। পাঠক ও দর্শনার্থীরা বই কেনার পাশাপাশি পরিচিত হতে পারবেন ঐতিহাসিক পুস্তকের সঙ্গে। সন্ধ্যা থেকে মেলামঞ্চে হবে বই নিয়ে আলোচনা। আলোচনায় জেলার বিভিন্ন এলাকার শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঠকেরা অংশ নেবেন। এ ছাড়া থাকবে জেলার লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।