পাবনায় মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি

ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে পাবনায় করা মানহানি মামলায় আজ বৃহস্পতিবার সমন জারি করেছেন পাবনার আদালত। সমনে আগামী ২৪ মার্চ মাহফুজ আনামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মাহফুজ আনামের বিরুদ্ধে সারা দেশে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ৭৭টি মামলা হয়েছে। এর মধ্যে পাবনার মামলাটিসহ মোট চারটি মামলায় তাঁর বিরুদ্ধে সমন জারি হলো। এর আগে ঝিনাইদহ, মাগুরা ও ফরিদপুরে হওয়া মামলায় সংশ্লিষ্ট আদালতগুলো মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন।
পাবনা আদালত সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম পাবনা আমলি আদালত-১-এ মানহানির এই মামলাটি করেন। আজ দুপুর ১২টার দিকে আদালতের বিচারক রেজাউল করিম শুনানি শেষে সমন জারি করেন।
মামলায় বাদীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ্ আলম সমনের বিষয়টি নিশ্চিত করেন।
৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ‘ডেইলি স্টার’ সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে বিচার চান। এরপর ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সাংসদ ‘ডেইলি স্টার’ বন্ধ করা এবং মাহফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এরপর থেকেই মাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া শুরু হয়।