অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনায় পাবনায় মুক্তিযোদ্ধারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একে অপরের বিরুদ্ধে মিছিল, মিটিং ও সংবাদ সম্মেলন করায় মুক্তিযোদ্ধাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।গতকাল শনিবার দুপুরে একাংশ পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করায় অপর অংশ তাদের ধাওয়া দিয়ে শহর ছাড়া করেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, গত জোট সরকারের সময় পাবনা সদর উপজেলার তালিকায় নতুন করে ২৮৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম বাতিলের দাবি তোলেন সচেতন মুক্তিযোদ্ধারা। শেষ পর্যন্ত গত ২৬ মার্চ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। সম্প্রতি মুক্তিযোদ্ধাদের একাংশ যুদ্ধকালীন কমান্ডার মকবুল হোসেনের নেতৃত্বে ২৩৩ জনকে অমুক্তিযোদ্ধা উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়। এতে সংসদের বর্তমান কমান্ডার হাবিবুর রহমান ক্ষিপ্ত হলে মুক্তিযোদ্ধারা দুই ভাগে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেন। মকবুল হোসেন জানান, বিগত জোট সরকারের আমলসহ বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেলা ইউনিট কমান্ডে ২৩৩ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত হয়েছে। মকবুল হোসেনের অভিযোগ, কমান্ডার হাবিবুর রহমান ক্ষমতায় আসার আগে ২০১০ সালের ১০ মার্চ তালিকা থেকে ১৫০ জনকে অমুক্তিযোদ্ধা উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু তিনি কমান্ডারের দায়িত্ব পাওয়ায় তাঁদের তালিকা থেকে বাদ দিতে কোনো উদ্যোগ নেননি। উল্টো তিনি ওই ১৫০ জন অমুক্তিযোদ্ধাকে নিয়ে দল ভারী করছেন। বর্তমান কমান্ডার হাবিবুর রহমান বলেন, তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়ার কোনো অধিকার আমার নেই। জোট সরকারের আমলে কমান্ডারের দায়িত্বে থাকা শামসুল আলম রয়েছেন। যদি কোনো অমুক্তিযোদ্ধা সংসদের সদস্য হন, তবে তাঁরা শামসুল আলমের হাতেই হয়েছেন। শামসুল আলম বলেন, ‘তৎকালীন ক্ষমতাবান ব্যক্তিরা ইচ্ছেমতো মুক্তিযোদ্ধা বানিয়েছেন। বিষয়টির জন্য আমি অনুতপ্ত।’