পাবনায় মেরিন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন
আন্তর্জাতিক মানের মেরিন ক্যাডেট তৈরির লক্ষ্যে গত শুক্রবার পাবনার বেড়া উপজেলার নগরবাড়ীতে নতুন মেরিন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। বক্তব্য দেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন প্রমুখ।প্রধান অতিথি এ কে খন্দকার বলেন, আন্তর্জাতিক জাহাজ চলাচলে জনশক্তি নিয়োগের বিপুল ও দীর্ঘস্থায়ী চাহিদা তৈরি হয়েছে। বর্তমান সমুদ্রবিশ্বে জাহাজের সংখ্যা প্রায় ৭০ হাজার, যা পরিচালনার জন্য প্রায় সাড়ে ছয় লাখ দক্ষ জনশক্তি প্রয়োজন। কিন্তু চাহিদার বিপরীতে জনবল রয়েছে মাত্র সাড়ে পাঁচ লাখ। এ ছাড়া প্রতিবছর সমুদ্রপথে নতুন করে গড়ে প্রায় আড়াই হাজার জাহাজ যোগ হচ্ছে। এসব বিবেচনায় দেশে চারটি নতুন মেরিন একাডেমি তৈরির কাজ শুরু করা হয়েছে। পাবনায় এর একটি হচ্ছে। বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন বলেন, এই মেরিন একাডেমি প্রতিষ্ঠার জন্য ১০ একর জমি বরাদ্দ নেওয়া হয়েছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা। ২০১৪ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। প্রথম পর্যায়ে এখানে ৫০ জন ক্যাডেট ভর্তি হতে পারবে। পরে ২০০ জনে বর্ধিত করা হবে।