পাবনায় মোটরশ্রমিকদের কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে মালিক-শ্রমিক বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকাল থেকে পাবনা মোটর শ্রমিক সমিতির একাংশ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।মোটর শ্রমিক সমিতির লাইন সম্পাদক আলাল হোসেন জানান, সোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দীর্ঘদিন ধরে পাবনা-ময়মনসিংহ রুটে চলাচল করত। হঠাৎ আলোচনা ছাড়াই বাস-মিনিবাস মালিক সমিতি বাসটিকে ওই রুট থেকে প্রত্যাহার করে হাজি পরিবহন নামে নতুন একটি বাসের সিরিয়াল দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিকেরা সোলা পরিবহনের সিরিয়াল ফিরিয়ে দেওয়ার জন্য বাস-মিনিবাস মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলতে যায়। নেতারা কথা না বলে শ্রমিক সমিতির সভাপতিকে অপমান করে। ফলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তে শহরে মিছিল ও মাইকিং করে সোলা পরিবহনের রুট ফিরিয়ে দেওয়ার দাবি এবং সভাপতিকে অপমানের প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেয়।জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কালাম আহমেদ বলেন, ‘কতিপয় শ্রমিকনেতা একজন মালিকের পক্ষ নিয়ে কর্মবিরতি পালন করছে। কর্মবিরতি প্রত্যাহার না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হব।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এনায়েত উদ্দিন বলেন, ‘শ্রমিক ও মালিকদের সঙ্গে কথা বলেছি। কর্মবিরতি প্রত্যাহারের আশ্বাস দিয়েছে।’ জেলা মোটর মালিক সমিতির সভাপতি বেবী ইসলাম বলেন, ‘আমরা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সমিতিকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছি।’