পাবনায় যুবলীগ নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জোতগৌরী গ্রামে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেনের বাড়িতে গত বুধবার দিবাগত রাতে সন্ত্রাসী হামলায় পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজন প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে দেলোয়ার হোসেন পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন অভিযোগ করেন, পাবনা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমানের লোকজন তাঁর বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে না পেয়ে বাড়ির বিভিন্ন কক্ষ ভাঙচুর করে ও এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় দেলোয়ার হোসেনের প্রতিবেশী ও আত্মীয়স্বজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের ওপর চড়াও হয়। এতে দেলোয়ারের মামা মো. আবদুস সালাম (২৮), মামি রেশমা খাতুন (২২), খালাতো ভাই খোরশেদ আলী ( ২৮) গুলিবিদ্ধ হয় এবং বাবা মেছের আলী মিয়া (৫৫) ও ভাই সুজন (২৫) ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। রাতেই আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।দেলোয়ার হোসেন অভিযোগ করেন, গয়েশপুর ইউনিয়নে তিনি প্রার্থিতা ঘোষণা করায় শহিদুর রহমান ক্ষুব্ধ হয়ে এ হামলা চালান। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমাকে দোষ দেওয়া হচ্ছে।’