পাবনায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মুক্তিযোদ্ধারা গতকাল মঙ্গলবার শহরে বিক্ষোভ করেন ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন।
রাকিব হাসানের বিরুদ্ধে এ অভিযোগ করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পাবনা জেলা ইউনিট কমান্ড। রাকিব হাসান পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, দুপুর ১২টার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধারা শহরের আবদুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পাবনা জেলা কার্যালয়ের সামনে সমবেত হন। মুক্তিযোদ্ধারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের কমান্ডার হাবিবুর রহমান, ডেপুটি কমান্ডার আবদুল লতিফ, সহকমান্ডার আতাউর রহমান ও সদর উপজেলা কমান্ডার আবুল কাশেম বিশ্বাস প্রমুখ।
হাবিবুর রহমান বলেন, পাবনা পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী রাকিব হাসান মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন কটূক্তিপূর্ণ কথা বলতে শুরু করেন। নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি এর মাত্রা আরও বাড়িয়ে দেন। তিনি জেলার মুক্তিযোদ্ধাদের রাজাকার বলে আখ্যায়িত করেন, যা মুক্তিযোদ্ধাদের মান ক্ষুণ্ন করেছে। তাই আওয়ামী লীগের ওই নেতার শাস্তি হওয়া দরকার।
পথসভা শেষে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সি মনিরুজ্জামান স্মারকলিপিটি গ্রহণ করেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।