পাবনায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা
পাবনা শহরের কাচারিপাড়া সাহারা ক্লাব মোড়ে গেদা বাবু (৩৮) নামের যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জেলা যুবলীগের দপ্তর সম্পাদক ফাহিমুল কবীর প্রথম আলো ডটকমকে জানান, গেদা বাবু সদর থানা যুবলীগের সদস্য ছিলেন। দলীয় কোনো কারণে নয়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি দাবি করেন। তাঁর বাড়ি শহরের মণ্ডলপাড়ায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গেদা বাবুর বন্ধুরা আজ একটি মামলায় হাজিরা দিতে আদালতে যান। এ সময় তাঁদের সঙ্গে দেখা করতে গেদা বাবু আদালত প্রাঙ্গণে যান। দুপুরে ফেরার পথে পাবনা শহরের কাচারিপাড়া সাহার ক্লাব মোড়ে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।