পাবনায় যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার মাধপুর গ্রামে যৌতুক না পেয়ে নুসরাত জাহান (২৪) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে নিহত নুসরাতের মামা জাহাঙ্গীর আলম চারজনকে আসামি করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, নুসরাতের বাবার বাড়ি পাবনা পৌর এলাকার রাধানগর মহল্লায়। গত বছরের নভেম্বর মাসে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর গ্রামের হারুনর রশিদের (৩৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁর স্বামী, ননদ ও শাশুড়ি ১০ লাখ টাকা এবং দেড় কাঠা জমি যৌতুক দাবি করেন। নুসরাতের মামা জাহাঙ্গীর আলম জানান, যৌতুকের টাকা এবং জমির দাবিতে গত রোববার সকাল থেকে নুসরাতের ওপর অত্যাচার শুরু হয়। সন্ধ্যায় তাঁর স্বামী মুঠোফোনে নুসরাতের মাকে জানান, নুসরাত অসুস্থ। পরে ওই বাড়িতে গিয়ে উঠানে নুসরাতের লাশ পাওয়া যায়। মামলার তদন্ত কর্মকর্তা ও পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর জাহাঙ্গীর আলম বাদী হয়ে নুসরাতের স্বামী, স্বামীর বোন রোজী আক্তার, শাশুড়ি তালু বেগম ও শ্বশুর ইদ্রিস আলীকে আসামি করে হত্যা মামলা করেছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে পিটিয়ে মারা হয়েছে। তাঁর শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।