পাবনায় রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবলীগ নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা যুবলীগের সহসভাপতি মাহফুজুর রহমানকে (৪২) রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সদর উপজেলার কৃষ্ণপুর মহল্লায় গত শনিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ঠিকাদারি কাজ নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে তিনি নিহত হন।মাহফুজুরের বাড়ি পাবনা শহরের চক পৈলানপুর মহল্লায়। তিনি রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ও কেব্ল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।পরিবার ও পুলিশ জানায়, মাহফুজুর ব্যবসার সুবিধার্থে কৃষ্ণপুর মহল্লায় শ্বশুরবাড়িতে থাকতেন। ঘটনার দিন রাত ১০টার দিকে একটি ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হন। মহল্লার হাউস পাড়া মোড়ে পৌঁছলে ৮-১০ জন সন্ত্রাসী তাঁকে রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেওয়ার পথে রাত তিনটার দিকে তিনি মারা যান। মাহফুজুরের ভাই আবদুর রাজ্জাক দাবি করেন, ঠিকাদারি কাজ নিয়ে স্থানীয় একটি মহলের সঙ্গে মাহফুজুরের বিরোধ চলছিল। এরই জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির খান প্রথম আলোকে জানান, মাহফুজুর রহমান জেলা যুবলীগের সহসভাপতি ছিলেন। তবে রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারি ও কেব্ল ব্যবসা করতেন। ধারণা করা হচ্ছে, ব্যবসাসংক্রান্ত বিরোধের কারণেই প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিবার কোনো অভিযোগ দেয়নি। হাসপাতাল থেকে খবর পেয়ে হত্যাকারীদের খুঁজতে কাজ শুরু করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে তাঁর দুই পায়ে ও শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে লাশ গতকাল রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।