পাবনায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
পাবনা সদর উপজেলার আতাইকুলা উপজেলার গয়েশবাড়ী গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জিয়ারুল ইসলাম ওরফে বোমারু জিয়া (৩৫) নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত জিয়ারুল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক প্রধান ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভাষ্যমতে, রাত তিনটার দিকে র্যাবের একটি টহল দল আতাইকুলা সদর থেকে উপজেলার ধুলাউড়ি গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় গয়েশবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে তারা একদল লোক দেখতে পায়। র্যাবের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। ১৫-২০ মিনিট গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে র্যাব ঘটনাস্থল থেকে জিয়ারুলের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, একটি নাইন এমএম পিস্তল, পাঁচটি পিস্তলের গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, নিহত জিয়ারুল এমএল জনযুদ্ধের গয়েশবাড়ী অঞ্চলপ্রধান ও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর বাড়ি গয়েশবাড়ী গ্রামে। জিয়ারুলের বিরুদ্ধে আতাইকুলা থানায় দুটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।