পাবনায় লালন স্মরণ উৎসব শুরু
‘অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই/ শুনি মানব রূপের উত্তম কিছু নাই’—এ স্লোগানে গতকাল শুক্রবার সন্ধ্যায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন স্মরণ উৎসব। উৎসবের আয়োজন করেছে পাবনার লালন স্মৃতি পরিষদ।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে গতকাল উৎসবের উদ্বোধন করেন সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান ও প্রখ্যাত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। লালন স্মৃতি পরিষদের উপদেষ্টা জাকির হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রবীণ শিক্ষাবিদ কাজী কামরুজ্জামান ও খ্যাতনামা বংশীবাদক গাজী আবদুল হাকিম।
উদ্বোধনী বক্তব্যে সাংবাদিক আবেদ খান বলেন, লালন হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার দর্শন। লালন সংস্কৃতি চর্চা অসাম্প্রদায়িক, অসুস্থ রাজনীতি ও জঙ্গিবাদের মতো বিষয়গুলোর সঙ্গে কখনো আপস করে না। এ চর্চা আরও বাড়ানো উচিত।
আলোচনা পর্ব শেষে লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন ও বিভিন্ন এলাকা থেকে আসা লালনসংগীত শিল্পীরা গান পরিবেশন করেন।
আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিনে গান পরিবেশন করবেন বাউল জহুরা ও বাউল শাহাবুল। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কমরেড জসিম মণ্ডলের উপস্থিত থাকার কথা রয়েছে। আগামীকাল রোববার সমাপনী দিনে গান পরিবেশন করবেন লালন শিল্পী টুনটুন বাউল। সমাপনী দিনের অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রধান অতিথি থাকবেন বলে কথা রয়েছে।